

সিলেটজুন ২৫ : সিলেটে বখতিয়ার মোমিন নামে একজন স্কুলশিক্ষককে প্রকাশ্যে খুন করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোমবার সকাল নয়টার দিকে জেলার কানাইঘাট থানার বড়বন্দ তৃতীয়খণ্ড এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মোমিন (২৬) কানাইঘাট থানার সীমান্তবর্তী সনাতনপুঞ্জি গ্রামের বড়বন্দ তৃতীয়খণ্ড গ্রামের মাস্টার আজিজুল হকের ছেলে। তিনি সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, উপজেলার সনাতন পুঞ্জি এলাকার একটি টিলা নিয়ে বড়বন্দ তৃতীয়খন্ড গ্রামের দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এর জের ধরে সোমবার সকালে প্রতিপক্ষের লোকজন বখতিয়ার মোমিনকে তার বাড়ির পার্শ্ববর্তী রাস্তায় একা পেয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।