

নরসিংদী, ২৬ জুন: নরসিংদীর শাহেপ্রতাবে মঙ্গলবার সকালে একটি ক্যালেন্ডারিং মিলের বয়লার সিলিন্ডার বিস্ফোরণে মাদ্রাসা ছাত্রসহ তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো ১৫ জন। খবর পেয়ে সকাল ৮টার দিকে পুলিশ, র্যাব ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আব্দুর রাজ্জাক নামে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূঁইয়া ক্যালেন্ডারিং অ্যান্ড ফিনিসিং মিলসের শ্রমিকরা কাপড় ফিনিশিংয়ের কাজ করার জন্য সকাল ৭টার দিকে বয়লারটি চালু করে। চালু করার সঙ্গে সঙ্গে মেশিনটিতে বিকট শব্দ হতে থাকে। এক পর্যায়ে এটি বিস্ফোরিত হয়।
এ সময় কারখানার দেয়াল ভেঙে পাশের মাদ্রাসা ও রাস্তায় গিয়ে পড়ে। এ সময় কারখানায় কর্মরত শ্রমিক, মাদ্রাসার ছাত্র ও পথচারীসহ তিন জন ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আহত হয় কমপক্ষে ১৫ জন।