

নিউইয়র্ক, ৯ জুন: সিরিয়ায় সরকারি বাহিনীর গোলার আঘাতে দেশটির পাঁচ সাংবাদিক প্রাণ হারিয়েছে। দেশটিতে চলা ভয়াবহ সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তারা প্রাণ হারান।
আমেরিকাভিত্তিক মিডিয়া ওয়াচডগ সিপিজে (কমিটি ফর দ্য প্রটেকশন অব জার্নালিস্ট) বলছে, দামেস্ক ও হোমস নগরে দুটি পৃথক হামলায় এ পাঁচ সাংবাদিক নিহত হয়েছে।
শাম নিউজ নেটওয়ার্কের উদ্ধৃতি দিয়ে সিপিজে জানায়, দামেস্কের আল মিদান জেলায় গত ২৭ মে সরকারি বাহিনী একটি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে গোলা নিক্ষেপ করে। এতে তিন সাংবাদিক নিহত হয়।
ধারণা করা হচ্ছে গোয়েন্দা সংস্থার ইঙ্গিতে সরকারি বাহিনী এ হামলা চালায়। নিহত এ তিন সাংবাদিকের লাশ এখনো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি।
এদিকে গত ২৮ মে বিক্ষোভের নগরী হোমসে দায়িত্ব পালনকালে সরকারি বাহিনীর হামলায় আরো দুই সাংবাদিক নিহত হয়েছে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল সিরিয়ায় গত নভেম্বর থেকে এ পর্যন্ত স্থানীয় ও আন্তর্জাতিক মিলে মোট নয় সাংবাদিক নিহত হয়েছে।