

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্তে বৃহস্পতিবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত ফারুক (২২) বালিয়াডাঙ্গী উপজেলার চড়ুইগাতি গ্রামের আলাবুলের ছেলে।
নিহত ব্যবসায়ীর পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফারুক ভারত থেকে গরু নিয়ে আসছিলেন। এ সময় পথে বেউরঝারী সীমান্তের ৩৭৯/৬ এস পিলার এলাকায় ভারতের বরাবুল্লা বিএসএফের সদস্যরা তার ওপর গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে ফারুক মারা যান।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ঠাকুরগাঁও-৩০ বিজিবি উপ-অধিনায়ক মেজর আরিফ বলেন, ‘এ ব্যাপারে তদন্ত চলছে। এরই মধ্যে বিএসএফের কাছে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।