

ঢাকা: ফিলিস্তিনি পার্লামেন্টের স্পিকার এবং হামাসের অন্যতম শীর্ষ নেতা আজিজ দেইককে মুক্তি দিয়েছে ইসরায়েল। ছয়মাসেরও বেশি সময় ইসরায়েলি কারাগারে বিনা বিচারে আটক ছিলেন তিনি।
বৃহস্পতিবার আজিজ দেইকের মুখপাত্র বাহা ইউসুফ বার্তা সংস্থাকে এএফপিকে জানান, অধিকৃত পশ্চিম তীরের বেইত সিরা রোড ব্লকের কাছে তাকে মুক্তি দেয় ইসরায়েল।
ইসরায়েলি কারা কর্তৃপক্ষের মুখপাত্র সিভান ওয়েজম্যান তার মুক্তির সত্যতা নিশ্চিত করেছেন।
দেইকের আইনজীবী ফাদি কাসমে জানান, তার প্রশাসনিক আটকাদেশের মেয়াদ না বাড়ানোর আবেদন ইসরায়েলি কর্তৃপক্ষ মঞ্জুর করলে মুক্তি পান তিনি।
চলতি বছরের শুরুতে ১৯ জানুয়ারি জেরুজালেম এবং পশ্চিম তীরের রামাল্লাহ শহরের মধ্যবর্তী একটি রোড ব্লক থেকে তাকে গ্রেফতার করে ইসরায়েলি সেনারা।
কোনো অভিযোগ ছাড়াই তাকে আটক করে রাখার ব্যাপারে ইসরায়েলের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে দাবি করা হয়, ‘তার আটকাদেশ জরুরি কারণ সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তার সংযোগ রয়েছে।’
দেইক হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনি পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন ২০০৬ সালে। কিন্তু ক্ষমতা নিয়ে হামাস ও ফাতাহের মধ্যে দ্বন্দ্বের জেরে ওই পার্লামেন্টের কার্যক্রম বর্তমানে প্রায় স্থবির।